পটুয়াখালী-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এ বি এম মোশাররফ হোসেনের সাথে রাঙ্গাবালী উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: নাহিদ ভুঞার সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবনির্বাচিত সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।
সভায় রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ মো: সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো: আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজি, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হাওলাদারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি উপজেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম আরো গতিশীল ও সমন্বিতভাবে এগিয়ে নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি ও প্রশাসনের সাথে সমন্বয় জোরদার করে জনগণের প্রত্যাশা পূরণে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
এর আগে তিনি রাঙ্গাবালী উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও অঙ্গসংগঠন আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন। সংবর্ধনায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে এমপি মোশাররফ হোসেন বলেন, ‘রাঙ্গাবালীতে সবাই মিলেমিশে বসবাস করবো, কে কোন দল করে সেটি বড় বিষয় নয়, সবাই আগে রাঙ্গাবালীর নাগরিক।’
দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘কোনো ধরনের চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার সহ্য করা হবে না। জনগণের পাশে থেকে তাদের সমস্যার সমাধানে কাজ করতে হবে।’
জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। তাই আমি একা নই, আপনারাও এ দায়িত্বের অংশীদার। এলাকার সমস্যা ও সম্ভাবনা নিয়ে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো।’ এসময় তিনি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন।
এদিকে, নবনির্বাচিত এমপি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে স্থানীয় জনগণের সাথে পৃথক মতবিনিময় সভায় অংশ নেন এবং তাদের বিভিন্ন দাবি-দাওয়া ও সমস্যার কথা শোনেন।
মঙ্গলবার সকালে রাঙ্গাবালী প্রেস ক্লাবের পক্ষ থেকে সংসদ সদস্যকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় রাঙ্গাবালী প্রেস ক্লাবের সভাপতি মাহমুদ হাসান রাজিব ও সাধারণ সম্পাদক শুভ সিকদারসহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভায় সাংবাদিকরা উন্নয়ন, নদীভাঙন রোধ ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এ সময় নবনির্বাচিত মোশারফ হোসেন সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রাঙ্গাবালীর উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

