কুড়িগ্রাম প্রতিনিধি: মেরামত কাজের জন্য কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর সোনাহাট বেইলি সেতু দিয়ে রাতের বেলায় যান চলাচল বন্ধ ঘোষণা করেছে সড়ক ও জনপথ বিভাগ (সওজ)। গত রাত থেকে সেতুটি দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়।
সওজ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো.নজরুল ইসলাম জানান, যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় সেতু মেরামত করা হচ্ছে। ৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সন্ধ্যা ৭টা থেকে সকাল ৭টা পর্যন্ত সেতু দিয়ে যানবাহন পারাপার বন্ধ থাকবে।
সওজ কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম বলেন, রাতে মেরামত কাজ নির্বিঘ্ন করতে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে দিনের যান চলাচল স্বাভাবিক থাকবে।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী ভুরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট, বলদিয়া, চরভুরুঙ্গামারী, আন্ধারীঝাড় ও তিলাই, নাগেশ্বরী উপজেলার কচাকাটা, কেদার, বল্লভেরখাস এবং নারায়ণপুর ইউনিয়নের সঙ্গে যোগাযোগের জন্য দুধকুমর নদের ওপর নির্মিত এই সেতুটি একমাত্র ভরসা।