প্রাইভেট কারের ধাক্কায় ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে প্রাইভেট কারের ধাক্কায় মিলন হোসেন নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা বোন তারজিনা আক্তার গুরুতর আহত হয়েছেন। রোববার (১২ নভেম্বর) দুপুরে নীলফামারী সদর উপজেলার ইটাখোলা সরকারের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মিলন হোসেন দুপুরের দিকে তার বোন তারজিনাকে সঙ্গে নিয়ে সাইকেলে করে আফিল জুট মিলে কাজের উদ্দেশে যাচ্ছিলেন। পথে নীলফামারী-বাদিয়ার সড়কের সরকারের মোড় এলাকায় একটি প্রাইভেট কার পেছন দিক থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিলন হোসেন মারা যান। এ সময় সাইকেলের পিছনে থাকা তারজিনা আক্তার গুরুতর আহত হন। ঘটনাস্থল থেকে প্রাইভেটকারের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম বলেন, আহত তারজিনা নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।