বড় ভাইয়ের বন্দুকের গুলিতে ছোট ভাই আহত

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর জলঢাকায় বড় ভাইয়ের শটগানের গুলিতে ছোট ভাই আহত হয়েছেন। শুক্রবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার কৈমারী বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সিরাজুল ইসলাম বসুনিয়াকে (৬০) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ওই গ্রামের মৃত আফছার উদ্দিন বসুনিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, বড়ভাই সাইদুল ইসলাম বসুনিয়ার (৬৫) সঙ্গে সিরাজুল ইসলাম বসুনিয়ার জমি নিয়ে বিরোধ চলছে বেশ কিছুদিন ধরে। শুক্রবার সকালে দুই ভাইয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে সাইদুল ইসলাম বসুনিয়া তাঁর লাইসেন্স করা শটগান দিয়ে সিরাজুল ইসলাম বসুনিয়াকে গুলি করে। এতে সিরাজুল ইসলামের ডান হাত ও বুকে গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

কৈমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাদেকুল সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে। ঘটনার পর জলঢাকা থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সাইদুল ইসলাম বসুনিয়াসহ তাঁর বাড়ির লোকজন গা–ঢাকা দিয়েছেন।’

জলঢাকা থানার ওসি মো. মোক্তারুল আলম বলেন, সাইদুল ইসলামের শটগানটি লাইসেন্স করা। এ ঘটনায় এখনো মামলা হয়নি। অভিযুক্তকে আটক করতে অভিযান চলছে।