সোনারগাঁওয়ে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৮ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ইছাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

তারা হলো- উপজেলার ইছাপাড়া গ্রামের মাইনউদ্দিনের ছেলে মুনতাসির হোসেন সাজিন (২) ও রূপগঞ্জের গাউসিয়া এলাকার রাজু মিয়ার মেয়ে হাবিবা আক্তার (৩)। তারা সম্পর্কে মামাতো ফুফাতো ভাই-বোন।

স্বজনদের বরাত দিয়ে সোনারগাঁও থানার ওসি মাহাবুব আলম জানান, শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে শিশু হাবিবা তার বাবার সঙ্গে ফুফুর বাড়িতে বেড়াতে যায়। সকালে খেলতে গিয়ে কোনো এক সময় দুই শিশু বাড়ির পাশের পুকুরে পড়ে ডুবে যায়। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কোনো অভিযোগ না থাকায় শিশুদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ওসি।