ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:৫৩ এএম

যানবাহনের অতিরিক্ত চাপে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার পর থেকে মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এই স্থবিরতা দেখা যায়। এতে দীর্ঘ সময় একই স্থানে আটকে থেকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ যাত্রী ও চালকদের।

সরেজমিনে দেখা গেছে, মহাসড়কের মৌচাক থেকে মদনপুর পর্যন্ত প্রায় ৭ কিলোমিটার এলাকা জুড়ে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। বিশেষ করে শিমরাইল ও মদনপুর এলাকায় যানজটের তীব্রতা সবচেয়ে বেশি।

কুমিল্লাগামী যাত্রী শাহজালাল মিয়া আক্ষেপ করে বলেন, গাড়িতে ওঠার পর শিমরাইল বাসস্ট্যান্ডের সামনেই আধা ঘণ্টা ধরে আটকে আছি। মাত্র দেড় ঘণ্টার পথ পাড়ি দিতে আজ কতক্ষণ লাগবে তা নিয়ে দুশ্চিন্তায় আছি।

পরিবহন চালকরা জানান, মহাসড়কে আজ গাড়ির চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। এছাড়া মদনপুর সংলগ্ন এশিয়ান হাইওয়েতে যানজট থাকায় এর প্রভাব মূল মহাসড়কে পড়ছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাবুর রহমান জানান, ‘মদনপুর দিয়ে যাওয়া এশিয়ান হাইওয়ের সংস্কার কাজ চলমান থাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলাচল করছে। অতিরিক্ত গাড়ির চাপের কারণে এই জট তৈরি হয়েছে। তবে কোনো দুর্ঘটনার খবর পাওয়া যায়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।’

DR
আরও পড়ুন