চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের কর্ণফুলী ও চান্দগাঁও থানা এলাকায় একটি বাস ও একটি মিনি ট্রাকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৮ নভেম্বর) রাত ৮টা ও ৯টার দিকে দুইটি গাড়িতে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার দিকে শাহ আমানত সেতুর টোল প্লাজার কাছে চলন্ত মিনি ট্রাকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জহির হোসেন বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে মিনি ট্রাকটিতে আগুন ধরে যায়।
এদিকে, রাত ৯টার দিকে বহদ্দারহাট র্যাব ক্যাম্পের পাশের সড়কে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল কবীর জানান, বহদ্দারহাট এলাকায় একটি বাসে আগুন দেয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হরতাল সমর্থনকারীদের কয়েকজন রাতে হঠাৎ করে এসে বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।