সিলেটে বিএনপির মশাল মিছিল

সিলেট প্রতিনিধি: দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল বাতিল ও হরতালের সমর্থনে সিলেট নগরীতে মশাল মিছিল করেছে বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তারা মশাল সড়কে ফেলে আগুন জ্বালিয়ে যান চলাচলে বাধা দেন। এদিকে তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ। পরে ঘটনাস্থল ও নগরীর সোবহানীঘাট থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে সিলেট নগরের বন্দরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা ৭টার দিকে নগরের বন্দরবাজারে মশাল নিয়ে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। তারা করিমউল্লা মার্কেটের সামনে গিয়ে সড়কে মশাল ফেলে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। এ সময় সরকারের পদত্যাগ ও সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে স্লোগান দিতে থাকেন তারা। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ বলেন, ‘নাশকতাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এ সময় ঘটনাস্থলে থেকে দুজন ও নগরের সোবহানীঘাট থেকে আরেকজনকে আটক করা হয়। যে কোনো ধরনের নাশকতা প্রতিরোধে পুলিশ সতর্ক রয়েছে।’