সাতক্ষীরার কলারোয়ায় দুই সমকামী কিশোরীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) উপজেলার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- সুনামগঞ্জের দোয়ারা বাজার থানার ইদনপুর গ্রামের আব্দুল মান্নানের মেয়ে মহিমা খাতুন (১৭) এবং সাতক্ষীরা কলারোয়ার হেলাতলা ইউনিয়নের ব্রজবাকসা গ্রামের আনিসুর রহমানের মেয়ে রুবিনা খাতুন (১৮)। এদের মধ্যে রুবিনা বিবাহিত।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, প্রায় ১ বছর আগে ফেসবুক ও টিকটকে সুনামগঞ্জের কিশোরীর সঙ্গে কলারোয়ার কিশোরীর পরিচয় হয়। এরপর তারা ফেসবুক ম্যাসেঞ্জারে নিয়মিত যোগাযোগ করতো। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার ঢাকা থেকে সুনামগঞ্জের কিশোরী মহিমা বিয়ে করার প্রস্তুতি নিয়ে কলারোয়ার কিশোরী রুবিনার কাছে চলে আসে। পরিবারের লোকজন ও স্থানীয় ব্যক্তিবর্গ ওই দুই কিশোরীকে বারবার বোঝানো হলেও তারা ছিলো নাছোর। এই সংবাদ এলাকায় ছড়িয়ে পড়লে দলে দলে লোকজন ব্রজবাকসা গ্রামের বাড়িতে ভিড় জমায়। সংবাদ পেয়ে কলারোয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসে। পরে তাদের আদালতে পাঠানো হয়।
কলারোয়ার কিশোরী রুবিনার মা বলেন, আমার আদরের একমাত্র সন্তান। তার কাজে আমি খবুই কষ্ট পেয়েছি। সিলেটের ওই মেয়েটিকে তার বাড়িতে চলে যেতে বলছি, সে যাচ্ছে না। সে কিছুতেই আমার মেয়েকে ছাড়া যাবে না বলছে। পরে তার পরিবারকে বিষয়টি জানানোর চেষ্টা করেও ব্যর্থ হয়েছি। বিষয়টি নিয়ে খুবই বিপদে আছি। পুলিশকে বিষয়টি জানিয়েছি।
স্থানীয় ইউপি সদস্য নাছিমা খাতুন জানান, দুই কিশোরীর দাবি তারা কেউ কাউকে ছাড়া থাকবে না। তারা গার্মেন্টসে চাকরি করে একত্রে সারাজীবন কাটাবে বলে জানিয়েছেন। এক্ষেত্রে তারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে বেছে নিয়েছে।
আটকের আগে দুই কিশোরী জানান, ফেসবুক ও টিকটকের মাধ্যমে আমাদের মধ্যে প্রেমের সম্পর্ক। আমরা এখন কেউ কাউকে ছাড়া থাকতে পারবো না।