সাতক্ষীরায় যৌতুকের দাবিতে নির্যাতনের পর স্ত্রী নাছিমা খাতুনকে পুড়িয়ে হত্যার মামলায় স্বামী শওকত আলী ও তার দ্বিতীয় স্ত্রীর ভাই শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকারিয়া হোসেন এই রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাড. কামরুজ্জামান ভুট্টো রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০০২ সালে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা কারিগরপাড়ার রইচ উদ্দীনের মেয়ে নাছিমা খাতুনের সঙ্গে মাধবকাটির আবুল কাশেমের ছেলে শওকত আলীর বিয়ে হয়। তাঁদের সংসারে দুই সন্তানের জন্ম হয়। একপর্যায়ে শওকত দুই লাখ টাকা যৌতুক দাবি করে নাছিমাকে নির্যাতন শুরু করেন। নির্যাতন থেকে রেহাই পেতে নাছিমা বাবার বাড়ি থেকে এক লাখ টাকা এনে স্বামীকে দেন। তবে এরপরও তার ওপর নির্যাতন বন্ধ হয়নি।
পরে শওকত কুখরালী কলোনিপাড়ার আতিয়ার রহমানের মেয়ে হাসিনা খাতুনকে দ্বিতীয় বিয়ে করেন। এ সময় নাছিমা সন্তানদের নিয়ে ইটাগাছা পুলিশ ফাঁড়ির পাশে একটি ভাড়া বাড়িতে থাকতেন। শওকত তাঁদের ভরণপোষণ দেওয়া বন্ধ করে দেন। এ নিয়ে নাছিমা সাতক্ষীরা পৌরসভায় শওকত, তার দ্বিতীয় স্ত্রীসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন। তাদের ২০১২ সালের ৩০ আগস্ট পৌরসভায় হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছিল।
মামলার অভিযোগ অনুযায়ী, নোটিশের আগের দিন ২৯ আগস্ট সন্ধ্যা পৌনে ৮টার দিকে শওকত, তার দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন, হাসিনার ভাই শফিকুল ইসলাম ও মা ছবিরন খাতুন ইটাগাছার ওই ভাড়া বাড়িতে গিয়ে নাছিমাকে মারধর করেন। একপর্যায়ে তার শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নাছিমার মৃত্যু হয়।
আদালত সূত্র জানায়, মৃত্যুর আগে নাছিমা একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছিলেন।
সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে আদালত শওকত আলী ও শফিকুল ইসলামকে মৃত্যুদণ্ড দেয়। মামলার অপর দুই আসামি শওকতের দ্বিতীয় স্ত্রী হাসিনা খাতুন ও তার মা ছবিরন খাতুনকে খালাস দেওয়া হয়েছে। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাশিয়ার বিমানঘাঁটিতে ইউক্রেনের হামলা, ক্ষতিগ্রস্ত ৫ বিমান