ট্রেনে আগুন নাশকতা কিনা খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে অগ্নিকাণ্ডের ঘটনা নাশকতা কিনা তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন তিনি। 

অগ্নিকাণ্ডে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের চিকিৎসার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন সরকার প্রধান।

ভোট ঠেকানোর আন্দোলনে থাকা বিএনপি ও সমমনা দলগুলোর ৪৮ ঘণ্টার হরতাল শুরুর আগের রাতে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে এখন পর্যন্ত শিশুসহ চার জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে আহতের সঠিক সংখ্যা এখনও অজানা।