জয়পুরহাট রেলস্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে একটি বগির কয়েকটি সিট পুড়ে গেছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) মধ্যরাতে এ ঘটনা ঘটে। সান্তাহার রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, ট্রেনটি জামালগঞ্জ থেকে জয়পুরহাট স্টেশনে গেলে দুর্বৃত্তরা একটি বগিতে আগুন দেয়। আগুন জ্বলতে দেখে রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত আগুন নিভিয়ে ফেলে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জয়পুরহাট রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম বলেন, আগুন লাগা অবস্থায় রাত ১১টা ৫০ মিনিটে ট্রেনটি স্টেশনে আসে। দু-একটি সিট পুড়ে গেছে। রেলওয়ের লোকজন ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। ট্রেনটি স্টেশন ছেড়ে গন্তব্যে রওনা হয়েছে।