বিয়ে করতে এসে দুই ছাত্রী পুলিশ হেফাজতে

নাটোরে অপ্রাপ্ত বয়স্ক দুই ছাত্রীর বিরুদ্ধে সমকামী বিয়ের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার তেবাড়িয়া ইউনিয়নে এই ঘটনা ঘটেছে।

জানা গেছে, নাটোরের একডালা মডেল হাইস্কুলের এক ছাত্রীর সঙ্গে সিলেটের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। পরে তাদের পরিচয় প্রেমের সম্পর্কে পরিণত হয়। প্রায় ৭ মাস সম্পর্কে থাকার পর ওই মাদ্রাসা ছাত্রী নাটোরের ওই স্কুল ছাত্রীর বাসায় চলে আসলে পুলিশ তাদেরকে হেফাজতে নেয়।

সিলেটের মাদ্রাসাছাত্রী জানান, ৭ মাস আগে ফেসবুকে তাদের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে তারা সমকামী বিয়ের সিদ্ধান্ত নেয়। অপর ছাত্রী জানায়, বিয়ে করে একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছে তারা।

নাটোর সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, শুক্রবার বিকেলে তারা একে অপরকে বিয়ে করতে চাইলে এলাকায় চাঞ্চল্যকর ঘটনা সৃষ্টি হয়। স্থানীয়রা সন্ধ্যায় পুলিশে খবর দিলে পুলিশ তাদের থানায় নিয়ে আসে। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হবে।