বৃষ্টিতে তলিয়েছে কাটা ধান, বিপাকে কৃষক

আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

নাটোরের সিংড়ায় টানা দুই দিনের বৃষ্টিতে আমন ধান নিয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। জমিতে পানি জমে কেটে রাখা ধান তলিয়ে গেছে। অন্যদিকে বৃষ্টির কারণে পাকা ধান কাটতেও পারছেন না অনেকে। ফলে ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের।

সরেজমিনে দেখা যায়, উপজেলার শুকাশ, ডাহিয়া ও ইটালি ইউনিয়নের বিভিন্ন মাঠে কেটে রাখা আমন ধান বৃষ্টির পানিতে ডুবে আছে। কোথাও ধানের গোছা পানির নিচে, কোথাও আবার কাটা ধান পড়ে রয়েছে জমিতেই। এতে ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকেরা।

উপজেলার শ্রীকোল গ্রামের কৃষক আব্দুল হক জানান, জমির ধান পেকে যাওয়ায় বৃষ্টির পূর্বাভাস পেয়ে দ্রুত ধান কাটার উদ্যোগ নেন। মোট ১০ বিঘা জমির মধ্যে চার বিঘার ধান ঘরে তুলতে পেরেছেন। বাকি ছয় বিঘার ধান বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। হঠাৎ বৃষ্টি শুরু হওয়ায় সেগুলো আর ঘরে তুলতে পারেননি।

ডাহিয়া ইউনিয়নের কৃষক আশরাফুল ও নুরুল ইসলাম জানান, জমির ধান পেকে গেলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কাটা শুরু করতে পারছেন না। দ্রুত আবহাওয়া স্বাভাবিক না হলে জমির ধান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় কৃষকদের আশঙ্কা, আবহাওয়া দ্রুত ভালো না হলে এবং সময়মতো ধান কাটতে না পারলে ফসলের গুণগত মান নষ্ট হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে তাদের।

সিংড়া উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, উপজেলায় প্রায় ২৩ হাজার ৬১০ হেক্টর জমিতে আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে ৪ হাজার ২৫০ হেক্টর জমির ধান কাটা হয়েছে। হঠাৎ আবহাওয়া খারাপ হওয়ায় কয়েকটি ইউনিয়নের কিছু জমিতে পানি জমে কৃষকেরা দুর্ভোগে পড়েছেন। তবে দু-এক দিনের মধ্যে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করছেন তিনি।

এমইউ
আরও পড়ুন