প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর বাউফলে ধর্ষণের পর এক প্রতিবন্ধী কিশোরী (১৪) অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. সাব্বির খান ওরফে রাব্বি নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১০ জুন) এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে রাব্বিকে একমাত্র আসামি করে বাউফল থানায় মামলা করেছেন। এরপরই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। মো. সাব্বির খান ওরফে রাব্বি উপজেলার উত্তর রাজনগর গ্রামের শহিদুল খানের ছেলে।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভিকটিম কিশোরী উপজেলার বগা ইউনিয়নের এক দিনমজুরের মেয়ে। সে জন্মগতভাবেই বুদ্ধি ও দৃষ্টি প্রতিবন্ধী। গত ৫ মার্চ থেকে ৩০ মার্চের মধ্যে কোনো এক সময়ে কিশোরীটি তার ছোট ভাইকে খোঁজার জন্য প্রতিবেশী বাঘা হাওলাদারের বাগানের পাশে যায়। এ সময় নির্জন বাগানের সুযোগ নিয়ে অভিযুক্ত সাব্বির খান রাব্বি ওই কিশোরীর ওড়না দিয়ে মুখ বেঁধে খড়ের গাদার পাশে নিয়ে ধর্ষণ করে।

সম্প্রতি কিশোরীটি শারীরিকভবে অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে স্থানীয় বগা বাজারের একটি ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসা করানো হয়। তাতে সুস্থ না হওয়ায় পটুয়াখালী সদরের প্রসূতি ও গাইনি বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করানো হয়।

পরীক্ষা শেষে চিকিৎসক জানান, ওই প্রতিবন্ধী কিশোরী বর্তমানে ৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা। পরবর্তীতে পরিবারের লোকজন কিশোরীকে জিজ্ঞাসাবাদ করলে সে ইশারায় ও ইতস্তত করে ঘটনার দিন সাব্বির খান রাব্বি তাকে মুখ বেঁধে ধর্ষণ করেছে বলে জানায়।

এই বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, ভিকটিমের অভিযোগের ভিত্তিতে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য ভিকটিমকে  বৃহস্পতিবার হাসপাতালে পাঠানো হবে।