মালয়েশিয়া পাচারের চেষ্টা: নারী-শিশুসহ উদ্ধার ৩১৭, আটক ৭

আপডেট : ২৯ নভেম্বর ২০২৬, ০১:১৮ পিএম

কক্সবাজারের টেকনাফ উপকূল দিয়ে সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। উদ্ধার ব্যক্তিদের মধ্যে ৪৭ জন রোহিঙ্গা এবং ২৭০ জন বাংলাদেশি নাগরিক। এ ঘটনায় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

রোববার (২৯ নভেম্বর) সকালে টেকনাফের বাহারছড়া ইউনিয়নের বড়ডেইল-সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় অভিযান চালিয়ে একটি কাঠের ট্রলারসহ তাঁদের উদ্ধার করা হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, সাগরপথে একটি কাঠের ট্রলারে করে লোকজনকে অবৈধভাবে মালয়েশিয়ায় নেওয়া হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে ট্রলারটির গতিবিধি নজরদারিতে রাখে কোস্ট গার্ড। একপর্যায়ে ট্রলারটিকে থামার সংকেত দেওয়া হলে সেটি গতি বাড়িয়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে ট্রলারটি আটক করেন কোস্ট গার্ডের সদস্যরা।

ট্রলারে থাকা ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাঁরা অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে সাগরপথে যাত্রা করেছিলেন বলে জানান। পরে ট্রলার থেকে নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাগরপথে মানবপাচারের সময় একটি ট্রলারসহ নারী ও শিশুসহ ৩১৭ জনকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচারে জড়িত সন্দেহে সাতজনকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, এ বিষয়ে রোববার দুপুরে টেকনাফে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে অভিযানের বিস্তারিত তথ্য জানানো হবে।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত