বরিশালে ইজিবাইক চালক হত্যায় অভিযুক্তের বাড়িতে অগ্নিসংযোগ

বরিশাল নগরীতে ইজিবাইক চালক নাজমুল মোল্লা হত্যা মামলায় র‌্যাব-৮ এর সদস্যরা একজনকে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের জন্য আরও তিনজনকে আটক করেছে।
 
বুধবার (১৭ জুন) সকালে নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণাফুলিয়া এলাকা থেকে তিনজনকে আটক ও মঙ্গলবার দিবাগত রাতে র‌্যাব সদস্যরা একজনকে গ্রেপ্তার করেছে।
 
গ্রেপ্তারের পর স্থানীয় উত্তেজিত বাসিন্দারা অভিযুক্তদের বসতঘরে আগুন দিলে ঘরটি সম্পূর্ণ ভস্মিভূত হয়েছে। র‌্যাবের অভিযানে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম বরিশাল নগরীর চন্ডিপুর এলাকার রুস্তম আলীর ছেলে। জিজ্ঞাসাবাদের জন্য আটককৃতরা হলো হরিণাফুলিয়া এলাকার ইউনুস হাওলাদারের ছেলে মিরাজ হোসেন, তার স্ত্রী কামরুন নাহার এবং মা ফরিদা বেগম।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুনুল উল ইসলাম বলেন, অভিযুক্তদের বাড়িতে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পূর্বেই ঘরটি ভস্মিভূত হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে কাজ চলছে। তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইজিবাইকচালক নাজমুল মোল্লার (২২) রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এ ঘটনায় ১৪ জুন তার পরিবারের সদস্যরা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ১৫ জুন সকালে কালিজিরা নদীর তেমাথা এলাকা থেকে নাজমুলের বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।  তিনি নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে। এ ঘটনায় নিহতের বাবা এয়ারপোর্ট থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।