কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্তে তিনটি পৃথক অভিযান চালিয়ে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের ৯ লাখ ৯৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব ঘটনায় দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার মধ্যে একটি অভিযানেই জব্দ করা হয়েছে ৮ লাখ ৯০ হাজার পিস।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম।
বুধবার (১১ নভেম্বর) রাতে টেকনাফের হ্নীলা ও হোয়াইক্যং এবং উখিয়ার পালংখালী সীমান্ত এলাকায় এসব অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)।
বিজিবি অধিনায়ক জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে হ্নীলার জেলেপাড়া এলাকায় মিয়ানমার থেকে আসা একটি নৌকা দেখতে পায় বিজিবি। পরে ওই এলাকায় অভিযান চালানোর সময় মাদক কারবারিদের সঙ্গে বিজিবি সদস্যদের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। একপর্যায়ে মাদক কারবারিরা ইয়াবাভর্তি বস্তা ফেলে নৌকায় করে মিয়ানমারে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে ছোট-বড় ১০টি বস্তায় ৮ লাখ ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এদিকে, একই রাতে উখিয়ার পালংখালী বিওপির আওতাধীন আঞ্জুমানপাড়া এলাকায় অভিযান চালিয়ে এক লাখ পিস ইয়াবাসহ মো. রমজান আলী (১৮) নামের এক যুবককে আটক করে বিজিবি। রাত সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
অন্যদিকে, রাত ৯টার দিকে টেকনাফের হোয়াইক্যং চেকপোস্টে তল্লাশি চালিয়ে চার হাজার পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ মো. হোসাইন (২০) নামের আরেক যুবককে আটক করা হয়।
বিজিবি অধিনায়ক বলেন, মাদকের বিরুদ্ধে বিজিবির অবস্থান জিরো টলারেন্স। সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে পেশাদারিত্ব, দক্ষতা ও প্রযুক্তিগত সক্ষমতা কাজে লাগিয়ে অভিযান অব্যাহত রয়েছে।
বাহরাইনে মার্কিন রাডার ধ্বংসের দাবি ইরানের, বাড়ছে যুদ্ধের উত্তেজনা
জুমার দিনের বিশেষত্ব কী? কোরআন-হাদিসে যে আমলগুলোর কথা বলা হয়েছে