বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক স্বপন কারাগারে

বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায় বরগুনার ১ নম্বর বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপনকে গ্রেফতার করে পুলিশ। 

সোমবার (২২ জুন) বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। শরীফ ইলিয়াস আহম্মেদ স্বপন বরগুনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এবং বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্বে ছিলেন।

এর আগে রবিবার (২১ জুন ) দিবাগত রাত তিনটার দিকে শহরের নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বরগুনা সদর থানার উপ-পরিদর্শক মো. আজিজ জানান, সদর থানায় দায়ের করা বিস্ফোরক আইনের একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। গত বছর সংঘটিত পৃথক তিনটি নাশকতার ঘটনার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। যদিও তিনি মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না, তবে অজ্ঞাত আসামি হিসেবে তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

এদিকে স্বপনের স্ত্রী দাবি করেন, সরকার পরিবর্তনের পরও তার স্বামী নিজ বাসাতেই অবস্থান করছিলেন এবং কোনো ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না।

তিনি জানান, স্বপনের বাবা বীর মুক্তিযোদ্ধা মোসলেম আলী গুরুতর অসুস্থ ও দৃষ্টিশক্তিহীন। পরিবারের দেখাশোনার দায়িত্ব মূলত তার স্বামীর ওপরই ছিল। রাত তিনটার দিকে পুলিশ এসে তাকে নিয়ে যায় বলে তিনি অভিযোগ করেন।