বানারীপাড়ায় বাল্কহেডের ধাক্কায় ব্রিজ ভেঙ্গে খালে : জনদুর্ভোগ

বরিশালের বানারীপাড়ায় বালুবাহী বাল্কহেডের ধাক্কায় উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট সংলগ্ন ব্রিজ ভেঙ্গে খালে পড়ে গেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন এলাকাবাসী।
 
জানা গেছে, শনিবার দুপুরে এমভি রাইয়ান নামের বালুবাহী একটি বাল্কহেড উপজেলার ইলুহার ইউনিয়নের জনতাহাট ও ইউনিয়ন পরিষদ সংলগ্ন আয়রণ ব্রিজের নিচ অতিক্রম করার সময় লোহার পিলারের সঙ্গে ধাক্কা লেগে ব্রিজের মাঝের অংশ ভেঙ্গে পড়ে। এতে বাল্কহেডটি ব্রিজের নিচে আটকে পড়ে।
 
ইলুহার ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মাহাতাব উদ্দিন বিষয়টি তাৎক্ষনিক বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমানকে মুঠোফোনে অবহিত করলে তিনি বাল্কহেডটি পরিষদের জিম্মায় আটকে রাখতে বলেন। ফলে বাল্কহেডটি ব্রিজের নিচ থেকে উদ্ধার করে পরিষদের জিম্মায় আটকে রাখা হয়।
পিরোজপুরের স্বরূপকাঠীর নান্দুহার গ্রামের রাজিব এ বাল্কহেডটির মালিক বলে জানা গেছে।
 
রোববার (২৮ জুন ) বিকালে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান ভেঙ্গে পড়া ব্রিজটি পরিদর্শন করেন। 
এদিকে জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি ভেঙ্গে পড়ায় জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। এ ব্রিজের ওপর থেকে বানারীপাড়ার ইলুহার ও উদয়কাঠীসহ ৫ ইউনিয়নের লোকজন মোটরসাইকেল ও ইজিবাইকসহ বিভিন্ন যানবাহনে পার্শ্ববর্তী স্বরূপকাঠী উপজেলায় বাজার, হাসপাতাল,ক্লিনিক ও স্কুল কলেজ-মাদরাসায় যাতায়াত করে থাকেন। ব্রিজ ভেঙ্গে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় এসব এলাকার কয়েক হাজার মানুষ দুর্ভোগে পড়েছেন। তারা অবিলম্বে ভেঙ্গে পড়া ব্রিজের স্থলে নতুন গার্ডার ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে এলজিইডির বানারীপাড়া উপজেলা প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, ২০২৪ সালে এ ব্রিজটিকে পরিত্যক্ত ঘোষণা করে এখানে নতুন ব্রিজ নির্মাণের জন্য ঢাকায় অফিসে একাধিকবার প্রস্তাবনা পাঠানো হয়েছিল। কিন্তু কোন ফল পাওয়া যায়নি।
 
তিনি বলেন, এখন যেহেতু বাল্কহেডের ধাক্কায় ব্রিজটি ভেঙ্গে পড়েছে স্থানীয় এমপি মহোদয়ের মাধ্যমে নতুন করে আবারও প্রস্তাবনা পাঠিয়ে দ্রুত নতুন ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হবে।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. বায়েজিদুর রহমান বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ ছিল। এলজিইডির মাধ্যমে যত দ্রুত সম্ভব  নতুন ব্রিজ নির্মাণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।