ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়ায় এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে গেছে।
গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামে শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ৪টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, গভীর রাতে ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে তারা অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী এবং তাদের একমাত্র কন্যাসন্তানকে জিম্মি করে হাত, পা ও চোখ বেঁধে ফেলে।
এরপর ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন লুট করে পালিয়ে যায়। ঘটনার খবর পেয়ে রোববার সকালে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
রাজাপুর থানার পুলিশ জানায়, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে, পরপর ডাকাতির ঘটনায় উপজেলার বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত ডাকাতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।