নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাসুম মোল্লা নামে এক ফ্রান্সপ্রবাসীর কাছ থেকে ২৬ লাখ ৮০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। জমি নিবন্ধনের জন্য ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হন তিনি।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে উপজেলার আধুরিয়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। মাসুম মোল্লা উপজেলার করাটিয়া এলাকার রিয়াজ উদ্দিনের ছেলে।
মাসুমের শ্বশুর বরকত উল্লাহ জানান, তাঁর বাড়ি হোড়গাঁও এলাকায়। জমি নিবন্ধন করার জন্য রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ভুলতায় ঢাকা ব্যাংকের একটি শাখা থেকে ১১ লাখ টাকা এবং ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে ১৫ লাখ ৮০ হাজার টাকা উত্তোলন করেন। পরে টাকাগুলো মেয়ের জামাতা মাসুম মোল্লার কাছে বুঝিয়ে দেন।
টাকাভর্তি ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করাটিয়ার বাড়ির উদ্দেশে রওনা হন মাসুম। দুপুর ১২টা ৫ মিনিটের দিকে ঢাকা-সিলেট মহাসড়কের আধুরিয়া এলাকায় পৌঁছালে একটি সাদা ব্যক্তিগত গাড়িতে আসা তিন থেকে চারজন তাঁর পথরোধ করেন। একপর্যায়ে ছিনতাইকারীরা টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে তাঁকে মোটরসাইকেলসহ সড়কে ফেলে রেখে পালিয়ে যান।
বরকত উল্লাহ আরও জানান, ছিনতাইকারীদের ধাক্কায় মাসুম শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন। জমি নিবন্ধনের জন্যই ব্যাংক থেকে ওই টাকা তোলা হয়েছিল। এ ঘটনায় তিনি রূপগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার ও টাকা উদ্ধারের আশ্বাস দিয়েছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পাওয়া গেছে। ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ছিনতাই হওয়া টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, ভিডিওবার্তায় হুমকি
আগামী বছর থেকে বিদ্যুৎ বিক্রির জায়গা থাকবে না: চিফ হুইপ