কারাগারে ছেলেকে দেখতে যাওয়ার পথে বাবার মৃত্যু

বরগুনায় কারাগারে ছেলের সঙ্গে দেখা করতে যাওয়ার পথেই মুত্যু হয় বাবার। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় এই ঘটনা ঘটে। 

মৃত হানিফ মিয়া (৬০) বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের হোসনাবাদ গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন অটোরিকশাচালক ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হানিফ মিয়ার ছেলে বেল্লাল হোসেন একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বরগুনা জেলা কারাগারে আছেন। দীর্ঘদিন পর ছেলের সঙ্গে দেখা করতে নিজের অটোরিকশা চালিয়ে বরগুনার উদ্দেশে রওনা হন তিনি। সঙ্গে ছিল ছেলের জন্য কিছু খাবার।

পথিমধ্যে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই তিনি অটোরিকশার মধ্যেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার উদ্যোগ নিলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা মরদেহ বাড়িতে নিয়ে যান।

নিহতের স্বজন ও বেতাগী বালিকা বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. শাহীন বলেন, হানিফ মিয়া অত্যন্ত সৎ ও পরিশ্রমী মানুষ ছিলেন। ছেলেকে দেখতে কিছু খাবার নিয়ে সকালে বাড়ি থেকে বের হয়েছিলেন। কিন্তু পথেই তার মৃত্যু হয়।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।