বরগুনা সদর উপজেলায় চাড়াভাঙ্গা গ্রামের প্রধান সড়কের বেহাল দশায় দুর্ভোগ পোহাচ্ছেন বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কটি কাদায় পরিণত হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় এলাকাবাসীর ক্ষোভ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, চলাচলের প্রধান সড়কটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে নাজুক হয়ে আছে। বর্ষা হলেই বিভিন্ন অংশে পানি জমে যায়। তখন হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে। এত বেশি ভোগান্তিতে পড়েন শিক্ষার্থী, নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা।
স্কুলছাত্রী ফাহিমা আক্তার জানায়, প্রতিদিন এই কাদামাখা রাস্তা দিয়ে স্কুলে যেতে কষ্ট হয়। বর্ষাকালে অনেক সময় পড়ে গিয়ে বই-খাতা নষ্ট হয়ে যায়।
বালিয়াতলী ইউপি সদস্য মো. রফিকুল ইসলাম জানান, রাস্তাটির বেহাল অবস্থার বিষয়ে অবগত আছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।
বরগুনা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) জ্যেষ্ঠ সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন জানান, বরগুনা সদর উপজেলায় গ্রামীণ সড়ক এ ও বি ক্যাটাগরিতে প্রায় হাজার কিলোমিটার সড়ক রয়েছে। এর বড় একটি অংশ এখনো কাঁচা। বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ধাপে ধাপে এসব সড়ক পাকা করা হচ্ছে। সড়কটির গুরুত্ব বিবেচনা করে কোনো প্রকল্পের আওতায় বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।