বাবার দায়ের করা মামলায় দুই ছেলের খালাস

বরগুনায় বাবার দায়ের করা মামলায় দুই ছেলে মো. সালাহ উদ্দিন ও আবুল কালামকে বেকসুর খালাস দিয়েছে আদালত।

রোববার (১৬ আগস্ট) জেলা জ্যেষ্ঠ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রানা শেখ এই রায় ঘোষণা করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, বরগুনা পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মো. আবদুল বাছেদ বাচ্চু (৭১) পারিবারিক সম্পত্তি বণ্টনকে কেন্দ্র করে দুই ছেলে তাদের বাবা ও দুই প্রবাসী বোনকে মারধর এবং ভয়ভীতি দেখান। এ ঘটনায় আবদুল বাছেদ তার দুই ছেলের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই মাসে বরগুনা থানায় মামলা করেন। পরে পুলিশ তদন্ত শেষে তাদের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশীট) আদালতে জমা দেয়। দীর্ঘ বিচার প্রক্রিয়া ও সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগের সত্যতা প্রমাণিত না হওয়ায় আদালত অভিযুক্ত দুই আসামিকে বেকসুর খালাস দেয়।

আসামিপক্ষের আইনজীবী মো. সাইফুল ইসলাম সোহেল জানান, মামলার বিভিন্ন অসঙ্গতি ও সাক্ষীদের পরস্পরবিরোধী বক্তব্য আদালতে উপস্থাপন করা হয়। আদালত এসব বিষয় বিবেচনায় নিয়ে দুই ভাইকে খালাস দিয়েছে।

তবে বাদী আবদুল বাছেদ বাচ্চুর দাবি, তার দুই ছেলে তাকে মারধর করেছেন। আদালতের রায়ে তিনি সন্তুষ্ট নন।