মসজিদের ভেতর মিললো মুয়াজ্জিনের মরদেহ

পটুয়াখালীর দুমকী উপজেলায় একটি মসজিদের ভেতরের কক্ষ থেকে মো. সাইম (২০) নামে এক তরুণ মুয়াজ্জিনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) রাতে পাঙ্গাসিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাওলাদার বাড়ি মসজিদে এই ঘটনা ঘটে।

নিহত সাইম পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি ইউনিয়নের ছোট জামুরা গ্রামের প্রয়াত জব্বার মৃধার ছেলে। তিনি ওই মসজিদে দীর্ঘদিন ধরে মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় অধিবাসীদের বরাতে জানা যায়, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এক মুসল্লি মসজিদে ঢুকে দরজা খোলা দেখতে পান। পরবর্তীতে তিনি ইমাম ও মুয়াজ্জিনদের থাকার ঘরে গিয়ে খাটের ওপর সাইমের নিথর দেহ দেখতে পান। বিষয়টি জানা মাত্রই স্থানীয়রা ভিড় জমান এবং থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠায়।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই কক্ষের ফ্যানের হুকের সঙ্গে দড়ি ঝুলন্ত অবস্থায় ছিল এবং নিহতের গলায় দাগ পাওয়া গেছে। ময়নাতদন্ত ও পারিপার্শ্বিক আলামত পর্যালোচনার মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি হত্যা নাকি আত্মহত্যা-তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।