ঝালকাঠির রাজাপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদন ও লাইসেন্স ছাড়া মজুত করে রাখা বিভিন্ন পণ্য জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ করা পণ্যগুলো ধ্বংস করা হয়। এ ঘটনায় গোডাউন মালিক মো. জোনায়েদ হোসেনকে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের আবুল হোসেনের বসতঘরের নিচতলায় থাকা একটি গোডাউনে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, গোডাউনটিতে বিএসটিআইয়ের অনুমোদন ও প্রয়োজনীয় লাইসেন্স না থাকা বিভিন্ন পণ্য মজুত করে বিক্রির জন্য রাখা হয়েছিল। পরে ভ্রাম্যমাণ আদালত এসব পণ্য জব্দ করে এবং ঘটনাস্থলেই ধ্বংস করে দেয়।
বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া পণ্য মজুত ও বাজারজাতের অভিযোগে গোডাউন মালিক জোনায়েদ হোসেনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনি জগন্নাথপুর গ্রামের মো. আবুল কালামের ছেলে।
অভিযান পরিচালনা করেন রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি। এ সময় বিএসটিআই পরিদর্শক শেখ রাসেল অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন।
রিফাত আরা মৌরি বলেন, বিএসটিআইয়ের অনুমোদন ও লাইসেন্স ছাড়া কোনো পণ্য মজুত কিংবা বাজারজাত করার সুযোগ নেই। জনস্বাস্থ্য সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে উপজেলা প্রশাসন নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করছে।
তিনি আরও বলেন, অভিযানে অনুমোদনহীন পণ্য জব্দের পর ধ্বংস করা হয়েছে এবং দায়ী ব্যক্তিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। ভেজাল, মানহীন ও অনুমোদনহীন পণ্যের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।