নোয়াখালীর হাতিয়ায় ফেরির পন্টুনে অভিযান চালিয়ে ১ হাজার ৮০০ লিটার চোরাই ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মো. জাকের উদ্দিন (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা তেল ও মবিলের মোট আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরঈশ্বর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নলচিরা ঘাটের পূর্ব পাশে ফেরির পন্টুনে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে শাহেদ উদ্দিন ওরফে ‘তেল শাহেদ’ (২৮), মো. রিয়াজ উদ্দিন (৩২) এবং অজ্ঞাতপরিচয় আরও ৩ থেকে ৪ জন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে অভিযানে জাকের উদ্দিনকে আটক করা সম্ভব হয়।
অভিযান শেষে পন্টুনে থাকা চারটি বড় টিনের ড্রাম থেকে ৭২০ লিটার, ৩০টি প্লাস্টিকের জারিকেন থেকে ৯০০ লিটার এবং আরও ৯টি জারিকেন থেকে ১৮০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। পাশাপাশি একটি বড় ড্রাম থেকে ২০০ লিটার মবিল জব্দ করা হয়।
পুলিশের হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ১ হাজার ৮০০ লিটার ডিজেলের আনুমানিক মূল্য ২ লাখ ৭ হাজার টাকা। আর ২০০ লিটার মবিলের বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা তেল ও মবিলের আনুমানিক মূল্য ৩ লাখ ২৭ হাজার টাকা।
গ্রেপ্তার জাকের উদ্দিন চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের তালুকদার বাড়ির খোরশেদ আলমের ছেলে।
হাতিয়া থানার ওসি মো. কবির হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তির হেফাজত থেকে বৈধ কাগজপত্র না থাকা ১ হাজার ৮০০ লিটার ডিজেল ও ২০০ লিটার মবিল উদ্ধার করে জব্দ করা হয়েছে। এ ঘটনায় হাতিয়া থানায় মামলা করা হয়েছে। পলাতক ব্যক্তিদেরও আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
কুড়িগ্রামে গোডাউন ভেঙে শতাধিক বস্তা সার লুট
তীব্র স্রোতে ঘাটে ভিড়তে না পেরে ভেসে গেলো ফেরি