বরিশাল নগরের নতুন বাজার এলাকায় পৃথক ময়লার স্তূপ থেকে দুটি নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে বরিশাল সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা নতুন বাজারের বন বিভাগের কার্যালয়ের পাশের এলাকায় ময়লা অপসারণ করছিলেন। এ সময় ময়লার স্তূপে নবজাতক দুটির নিথর দেহ দেখতে পান তারা। পরে বিষয়টি থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে ফৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। উদ্ধার হওয়া নবজাতক দুটির একজন ছেলে ও অন্যজন মেয়ে।
ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা হালিমা খাতুন বলেন, ‘কেউ এভাবে বাচ্চা ফেলে রাখে? এটা অমানবিক। নবজাতক দুটি কী অপরাধ করেছিল?’
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-মামুন উল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। কে বা কারা নবজাতক দুটির মরদেহ সেখানে ফেলে গেছে, তা এখনো শনাক্ত করা যায়নি। ঘটনার রহস্য উদঘাটনে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।