বরগুনা পৌর শহরের স্বর্ণকার পট্টি এলাকায় স্বর্ণের পালিশ ও নকশার একটি কারখানায় অভিযান চালিয়ে ৩২৫ গ্রাম গাঁজা উদ্ধার করেছে জেলা পুলিশ।
শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে সেন্টু নামে এক ব্যক্তির মালিকানাধীন ওই কারখানায় অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশের একটি দল স্বর্ণকার পট্টি এলাকায় অভিযান পরিচালনা করে। পরে সেন্টুর কারখানায় তল্লাশি চালিয়ে কয়েকটি পোটলার ভেতর লুকিয়ে রাখা অবস্থায় মোট ৩২৫ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন। এ সময় বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাইন, তদন্ত কর্মকর্তা ইউনুস আলী ফরাজীসহ পুলিশের অর্ধশতাধিক সদস্য উপস্থিত ছিলেন।
অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খাঁন বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে। স্বর্ণের কারখানাটিকে ব্যবহার করে মাদকসংক্রান্ত কোনো কর্মকাণ্ডে আরও কেউ জড়িত কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।