ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর খাল থেকে বস্তাবন্দি অবস্থায় মো. ইসমাইল (৬) নামের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ সন্দেহভাজন হিসেবে মো. রোকন নামের এক যুবককে হেফাজতে নিয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বোরহানউদ্দিন পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসলিম পাড়া সংলগ্ন খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ইসমাইল ওই ওয়ার্ডের মো. আকবর হোসেনের ছেলে। আর আটক যুবক মো. রোকন ওই এলাকার মো. নান্নুর ছেলে।
শিশুটির পরিবার সূত্রে জানা যায়, গত ২০ সেপ্টেম্বর সকালে বাসা থেকে পাশের হাওলাদার মার্কেটের দোকানের কাছে যায় ইসমাইল। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা দুই দিন ধরে আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও তার সন্ধান পায়নি। পরে মঙ্গলবার খালের ভেতর ভাসমান বস্তা থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে বস্তা উদ্ধার করে। ওই বস্তার ভেতর শিশু ইসমাইলের মরদেহ দেখতে পান তারা।
বোরহানউদ্দিন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন কুমার সাহা বলেন, উদ্ধার শিশুর মরদেহের ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তিনি আরো বলেন, এ ঘটনায় রোকন নামের এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে।