পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি বসতবাড়ির পানির ট্যাংকের ভেতরে লুকানো অবস্থায় ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি’ নাম খোদাই করা লেখা সম্বলিত একটি রহস্যময় প্লেট সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। বস্তুটি ম্যাগনেটিক পিলার কি না, তা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। এই ঘটনায় আশিক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর) পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়নের সবুজ নগর এলাকার আলমগীর হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে এ বস্তুটি উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই বাড়িতে বিভিন্ন সময় অপরিচিত লোকজনের আনাগোনা সন্দেহজনক মনে হওয়ায় বিষয়টি পুলিশ প্রশাসনকে গোপনে জানানো হয়। পরে পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান শুরু করে। রাত ৯টা থেকে ১১টা পর্যন্ত দফায় দফায় তল্লাশির পর পানির ট্যাংকের ভেতর থেকে প্লেটসদৃশ বস্তুটি উদ্ধার করে। এ সময় আশিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। উদ্ধার হওয়া বস্তুটির গায়ে ইংরেজিতে ‘ইস্ট ইন্ডিয়া কোম্পানি-১৮৩৯’ লেখা রয়েছে। স্থানীয়ভাবে এটিকে ম্যাগনেটিক পিলার বলে সন্দেহ করা হচ্ছে। তবে বস্তুটির উৎস ও বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি পুলিশ।
পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) পার্থ চক্রবর্তী বলেন, ম্যাগনেটিক পিলার সন্দেহে একটি বস্তুসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া বস্তুটি আসলেই ম্যাগনেটিক পিলার কি না তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হবে।