দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ৫৫ মিনিটে বঙ্গোপসাগরে এই ভূকম্পন সৃষ্টি হয়, যা বন্দরনগরী চট্টগ্রামসহ উপকূলীয় অঞ্চলে মৃদুভাবে অনুভূত হয়েছে।
রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৩। অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক আন্তর্জাতিক ওয়েবসাইট ‘ভলকানো ডিসকভারি’ জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল কক্সবাজার থেকে ২২২ কিলোমিটার দক্ষিণ-পূর্বে বঙ্গোপসাগরের তলদেশে।
এটি একটি অগভীর ভূমিকম্প ছিল যার গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার নিচে। সমুদ্রের গভীরে হওয়ায় উপকূলীয় অঞ্চলে বড় কোনো ঝাঁকুনি অনুভূত হওয়ার বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জনমনে কিছুটা আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এর আগে গত ১০ ফেব্রুয়ারি ভারতের মেঘালয় সীমান্ত সংলগ্ন এলাকায় ৪.০ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেই কম্পনটি বাংলাদেশের সিলেট ও আশপাশের এলাকায় বেশ ভালোভাবেই অনুভূত হয়।
আজকের ভূমিকম্পের পর আবহাওয়া ও ভূ-তাত্ত্বিক বিভাগ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এখন পর্যন্ত কোনো বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা নেই বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।