দুটি আসনে জামায়াতের জয়

চট্টগ্রামে ১৪টি আসনে বিএনপি বিজয়ী

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৮ এএম

চট্টগ্রামে ১৪টি আসনে বিএনপি আর দুইটি আসনে জামায়াতের প্রার্থী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য পাওয়া গেছে।  

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ১০৬টি কেন্দ্রের মধ্যে ১০৩টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী নুরুল আমিন পেয়েছেন ১ লাখ ২৪ হাজার ৩৩১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান পেয়েছেন ৭৯ হাজার ১৮৩ ভোট। ৪৫ হাজার ১৪৮ ভোটে বিএনপির নুরুল আমিন চেয়ারম্যান এগিয়ে আছেন। যা অপর তিন কেন্দ্রের মোট ভোটারের চেয়ে বেশি।

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে বিএনপির প্রার্থী সরোয়ার আলমগীর বিজয়ী হয়েছেন। তিনি জামায়াতের নুরুল আমিনকে পরাজিত করেছেন। 

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বিএনপি মনোনীয় ধানের শীষ প্রতীকের প্রার্থী মোস্তফা কামাল পাশা ৭২ হাজার ৫১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের আলাউদ্দিন শিকদার পেয়েছেন ৩৫ হাজার ৫১৯ ভোট।

চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী বিজয়ী হয়েছেন। এই আসনের মোট ১২৪টি কেন্দ্রের সবকটি কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি পেয়েছেন ১ লাখ ৪২ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকে আনোয়ার সিদ্দিক পেয়েছেন ৮৯ হাজার ২৬৮ ভোট। তবে আদালতের আদেশ থাকায় আসলাম চৌধুরীর ফলাফল প্রকাশ স্থগিত থাকবে। 

চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে জয়লাভ করেছেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। তিনি পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৯৬৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাওলানা নাছির উদ্দিন মুনির পেয়েছেন প্রায় ৪৪ হাজার ভোট।

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপির গিয়াস উদ্দিন কাদের চৌধুরী নির্বাচিত হয়েছেন। তিনি ১ লাখ ১১ হাজার ২০১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইলিয়াছ নুরী মোমবাতি প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৬৯৬ ভোট।

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে বিজয়ী হয়েছেন বিএনপির হুমাম কাদের চৌধুরী। ধানের শীষের এই প্রার্থী পেয়েছেন ১ লাখ ৩৬৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের ডা. এ টি এম রেজাউল করিম পেয়েছেন ৩৮ হাজার ৬৬৫ ভোট।

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) আসনে বিজয়ী হয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। তিনি জামায়াতের ডা. আবু নাছেরকে পরাজিত করেছেন।

চট্টগ্রাম-৯ (কোতোয়ালী-বাকলিয়া) আসনে ১২১টি কেন্দ্রের ১২০টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের আবু সুফিয়ান ১ লাখ ৮ হাজার ৬৮৮ পেয়েছেন। তার নিকটতম দাঁড়িপাল্লা প্রতীকের ডা. ফজলুল হক পেয়েছে ৫১ হাজার ৬০১ ভোট।

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং) আসনের ১৩৯টি কেন্দ্রের মধ্যে ১৩২টির ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী সাঈদ আল নোমান পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৭৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দাঁড়িপাল্লা প্রতীকের শামসুজ্জামান হেলালি পেয়েছেন ৬৯ হাজার ৭৩৪ ভোট।

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বিজয়ের দ্বারপ্রান্তে আছেন। তিনি জামায়াতের প্রার্থী শফিউল আলমের চেয়ে ৪৪ হাজার ভোটে এগিয়ে আছেন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে বিএনপি প্রার্থী এনামুল হক এনাম ১ লাখ ৩৪ হাজার ৬০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোমবাতি প্রতীকের সৈয়দ এয়ার মোহাম্মদ পেয়ারু পেয়েছেন ২৮ হাজার ৮০৬ ভোট।

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা -কর্ণফুলী) আসনের ১১৮টি কেন্দ্রের ঘোষিত ফলাফলে বিএনপি প্রার্থী ধানের শীষ প্রতীকে সরওয়ার জামাল নিজাম পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৪৬০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বৃহত্তর সুন্নীজোট মনোনীত প্রার্থী এস এম শাহাজান মোমবাতি প্রতীকে পেয়েছেন ৫১ হাজার ৬২ ভোট।

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসনে বিএনপি প্রার্থী জসিম উদ্দিন ৭৫ হাজার ৯৫৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এলডিপির ছাতা প্রতীকের ওমর ফারুক পেয়েছেন ৭২ হাজার ২৭৭ ভোট।

চট্টগ্রামের আলোচিত সাতকানিয়া-লোহাগাড়া (চট্টগ্রাম-১৫) আসনে জামায়াতের শাহজাহান চৌধুরী বিজয়ী হয়েছেন। তিনি ১ লাখ ৮১ হাজার ২৩৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির নাজমুল মোস্তাফা পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬১ ভোট। তার মধ্যে শাহজাহান চৌধুরী পোস্টাল ভোট পেয়েছেন ৯ হাজার ৫৪৯ ভোট, নাজমুল মোস্তফা পেয়েছেন এক হাজার ৩৬১ ভোট।

চট্টগ্রাম-১৬ আসনে জামায়াতের প্রার্থী জহিরুল ইসলাম বিজয়ী হয়েছেন। তিনি বিএনপির বিদ্রোহী প্রার্থী লিয়াকত আলীকে পরাজিত করেছেন।

JMR
আরও পড়ুন