রাঙ্গামাটিতে এসএসসি পরীক্ষার্থী নিখোঁজ, উদ্বিগ্ন পরিবার

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নে প্রাইভেট পড়তে যাওয়ার পথে চিংম্রাসিং মারমা (১৫) নামে এক কিশোরী নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা ছড়িয়ে পড়েছে। তিনি বাঙ্গালহালিয়া উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী এবং আসন্ন এসএসসি পরীক্ষার্থী।

শনিবার (১৩ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে নিজ বাড়ি থেকে বিদ্যালয়ে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হন চিংম্রাসিং মারমা। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি আর বাড়ি ফিরে আসেননি। এরপর থেকে তার কোনো সন্ধান পায়নি পরিবার।

নিখোঁজ কিশোরী বাঙ্গালহালিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বিহারপাড়া এলাকার বাসিন্দা এবং সাবেক ইউপি সদস্য উখ্যাই চৌধুরীর কন্যা। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজন ও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চালিয়েও তার কোনো তথ্য পাননি।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় শনিবার রাত আনুমানিক ৯টার দিকে চিংম্রাসিং মারমার বাবা চন্দ্রঘোনা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেন।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম সাকের আহমেদ বলেন, “নিখোঁজের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। কিশোরীর সন্ধানে প্রয়োজনীয় তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম শুরু করা হয়েছে। আশা করছি দ্রুত তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যাবে।”