সংসদে হিজাব নিয়ে কটুক্তির প্রতিবাদে চট্টগ্রামে ছাত্রশিবিরের বিক্ষোভ

জাতীয় সংসদে বিএনপির নেতা মনিরুল হক চৌধুরী (কুমিল্লা-৬) কর্তৃক হিজাব নিয়ে কটূক্তি ও অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখা।

রোববার (১৪ জুন) রাতে নগরীর আগ্রাবাদ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চৌমুহনী মোড়ে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে শাখা সেক্রেটারি রাকিবুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সভাপতি মাইমুনুল ইসলাম মামুন।

বক্তব্যে মাইমুনুল ইসলাম মামুন বলেন, “হিজাব কোনো ফ্যাশন নয়, এটি আল্লাহ প্রদত্ত বিধান। ৯০ শতাংশ মুসলমানের দেশে হিজাবকে কটূক্তি করে এ ভূখণ্ডকে রামরাজ্যে পরিণত করতে দেওয়া হবে না। সংবিধানে মৌলিক অধিকারের কথা বলা হলেও সরকারি দলের একজন সংসদ সদস্য নারীদের পর্দার অধিকারকে ক্ষুণ্ন করে সংবিধান লঙ্ঘনের মতো জঘন্য অপরাধ করেছেন।”

তিনি হিজাব নিয়ে করা মন্তব্য প্রত্যাহার এবং সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সমাবেশে ছাত্রশিবিরের নেতাকর্মীরা হিজাব নিয়ে অবমাননাকর মন্তব্যের নিন্দা জানিয়ে ধর্মীয় মূল্যবোধ ও নারীদের ধর্মীয় স্বাধীনতা রক্ষার আহ্বান জানান।