ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতা, চিহ্নিত সন্ত্রাসী ও মাদকের গডফাদার খ্যাত মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেলকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর এলাকা থেকে নবীনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মনির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত সোহেলের বিরুদ্ধে নবীনগর থানায় মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া গত ৫ আগস্টের পর স্থানীয় বাসিন্দা হাসান মিয়ার বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। একপর্যায়ে তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ নামে পরিচিত করতে শুরু করেন এবং এলাকায় মাদকের গডফাদার হিসেবেও পরিচিতি লাভ করেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, সোহেল যুবলীগের একজন নেতা এবং চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধে একাধিক মামলা রয়েছে।
সন্ত্রাসবিরোধী আইনে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে তাকে আজ বুধবার (২৪ জুন) বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।