কালীগঞ্জে অবৈধ কারেন্ট জাল জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ২৪ জুন ২০২৬, ০৭:৫৪ পিএম
ঝিনাইদহের কালীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের অবৈধ কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করেছে জেলা টাস্কফোর্স। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই ব্যবসায়ীকে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার করা জাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
 
বুধবার (২৪ জুন) সকাল ১০টার দিকে কালীগঞ্জ শহরের বড় মাছ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। ঝিনাইদহ জেলা টাস্কফোর্সের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলামিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
 
ভ্রাম্যমাণ আদালত টিম ও কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাত জানান, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে পরিচালিত অভিযানে বাজারের দুটি প্রতিষ্ঠান থেকে ৩৩ কেজি কারেন্ট জাল এবং ১২টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক মূল্য প্রায় সাড়ে তিন লাখ টাকা।
এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে অভিযুক্ত দুই ব্যবসায়ী ইয়ানুর রহমান ও আল আমিনকে মোট ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে জব্দকৃত অবৈধ জাল কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
অভিযানে পুলিশ, র‌্যাব, মৎস্য বিভাগ ও জেলা টাস্কফোর্সের সদস্যরা অংশ নেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মৎস্যসম্পদ রক্ষা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
MCH/AHA
আরও পড়ুন
সর্বশেষপঠিত