রাঙামাটিতে পৃথক বিশেষ অভিযান চালিয়ে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে কোতয়ালী থানা পুলিশ।
মঙ্গলবার (৩০ জুন) রাতে রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম-এর নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক দল জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, বিলাইছড়ি উপজেলার ধোপ্পাচর এলাকার বাসিন্দা বিজয় কান্তি চাকমা (৩০)-কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়া পৃথক অভিযানে রাঙামাটি পৌরসভার রূপনগর এলাকার বাসিন্দা মো. তারেক (২৪) ও মেহরাজ হোসেন (২৫)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, তারা পরস্পরের যোগসাজশে ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে মাদক নিজেদের হেফাজতে রেখেছিলেন।
তাদের বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় পৃথক মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া তিনজনকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে। একই সঙ্গে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে কোতয়ালী থানা পুলিশ।