নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছুটিতে বাড়িতে আসা এক পুলিশ সদস্যের ওপর বর্বরোচিত হামলা হয়েছে।
তারাবো পৌরসভার উত্তর মাসাবো এলাকায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য আবুল কালামের হাত-পা ভেঙে দেওয়া ছাড়াও তার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
গত ৫ নভেম্বর রাতে এই নারকীয় ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে অবস্থার অবনতি হলে ঢাকায় স্থানান্তর করেন।
জানা যায়, মাসাবো এলাকার চিহ্নিত মাদক কারবারি শাহাদাত ও এমদাদুলকে আইনশৃঙ্খলা বাহিনীকে ধরিয়ে দিতে সহযোগিতা করেছিলেন কনস্টবল আবুল কালাম।
এর পর থেকেই শাহাদাতের ছোট ভাই শাহজালাল তাকে বিভিন্নভাবে প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।
ঘটনার দিন রাতে শাহজালাল ফোন করে কালামকে বাড়ি থেকে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যায়।
সেখানে আগে থেকে ওত পেতে থাকা ১০ থেকে ১৫ জনের একদল সশস্ত্র সন্ত্রাসী তার ওপর অতর্কিত হামলা চালায়।
ধারালো অস্ত্রের আঘাতে তার দুই পায়ের রগ কেটে দেওয়া হয় এবং হাত-পা ভেঙে ফেলা হয়।
তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম সালাউদ্দিন জানিয়েছেন, ছুটিতে বাড়িতে আসা পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় যথাযথ তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা, নাবিক নিহত
চীনের নতুন শক্তির প্রতীক প্রযুক্তিচালিত বিমানবাহী রণতরি ‘ফুচিয়ান’