ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের জন্য শুভেচ্ছা উপহার হিসেবে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি জাতের আম পাঠিয়েছে বাংলাদেশ সরকার।
মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমভর্তি একটি কাভার্ড ভ্যান আগরতলা স্থলবন্দরে পৌঁছে। আমগুলোর কাস্টমস ক্লিয়ারিংয়ের কাজ করে আখাউড়া স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট সুয়েব ট্রেড ইন্টারন্যাশনাল।
স্থলবন্দর সূত্রে জানা গেছে, প্রতিবছরই বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে উপহার হিসেবে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য উপহার হিসেবে আম পাঠানো হয়। এর বিপরীতে ত্রিপুরা রাজ্য সরকারের তরফ থেকেও বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য ত্রিপুরার বিখ্যাত ‘কুইন’ জাতের আনারস পাঠানো হয় উপহার হিসেবে।
মঙ্গলবার দুপুরে ১২০টি কার্টনে করে ৬০০ কেজি হাড়িভাঙা ও আম্রপালি আম পাঠানো হয়। হাইকমিশন থেকে আমগুলো মুখ্যমন্ত্রী মানিক সাহা ও রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের কাছে পৗঁছে দেওয়া হবে বলে জানা গেছে।
সুয়েব ট্রেড ইন্টারন্যাশনালের সত্ত্বাধিকারী রাজীব ভূঁইয়া বলেন, গতকাল উপহারের আমগুলো কাস্টমস ক্লিয়ারিং করে আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনের কাছে পাঠানো হয়েছে। হাইকমিশন থেকে আমগুলো বন্টন করা হবে।