চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে একটি অয়েল ট্যাংকারসহ ১২ হাজার ৭০০ লিটার চোরাই ডিজেল জব্দ করেছে নৌ পুলিশ। এ ঘটনায় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়ের অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা ডিজেলের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ১৪ লাখ ৭৫ হাজার ৫০০ টাকা।
শুক্রবার (৩ জুলাই) নৌ পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার ভোরের দিকে চট্টগ্রাম বন্দরের ৬ নম্বর ভেসেল পয়েন্ট জেটি সংলগ্ন কর্ণফুলী নদীতে অভিযান চালানো হয়। এ সময় ‘ওটি ইশরাত’ নামের একটি অয়েল ট্যাংকারে তল্লাশি চালিয়ে ১২ হাজার ৭০০ লিটার ডিজেল উদ্ধার করা হয়। ডিজেলের বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় ট্যাংকারের সুপারভাইজার, মাস্টারসহ সংশ্লিষ্ট ছয়জনকে আটক করা হয়। পাশাপাশি ট্যাংকার, ডিজেল এবং একটি পাম্প মোটরসংযুক্ত পাইপ জব্দ করা হয়।
গ্রেপ্তাররা হলেন, আরিফুল ইসলাম (৩০), সাইদুল ইসলাম ওরফে ইশাদ (২২), মো. আব্দুল হালিম (৩৫), মো. নুরুল মোস্তফা (২৬), জালাল আহমদ (৬০) এবং মো. নুরুল আমিন (৫০)।
নৌ পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, একটি কোম্পানির ম্যানেজারের নির্দেশে তারা অজ্ঞাত কয়েকজনের কাছ থেকে কর্ণফুলী নদী ও আশপাশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে ডিজেল সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে বাংলাবাজার ঘাটের দিকে যাচ্ছিলেন।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার আরিফুল ইসলাম চট্টগ্রামের জোরারগঞ্জ থানার একটি হত্যা মামলার আসামি। এছাড়া আব্দুল হালিমের বিরুদ্ধে ফেনীর ছাগলনাইয়া থানায় দুটি ডাকাতি ও তিনটি মাদক মামলা রয়েছে।
সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে অজ্ঞাত সহযোগীদের সহায়তায় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কর্ণফুলী নদী ও আশপাশের এলাকায় চোরাই ডিজেল ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
এ ঘটনায় সদরঘাট নৌ থানার এসআই মো. মোজাম্মেল হোসেন বাদী হয়ে চট্টগ্রাম নগরের বন্দর থানায় গ্রেপ্তার ছয়জনসহ অজ্ঞাতনামা আরও এক থেকে দুইজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।