ফটিকছড়িতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজারসহ বালু জব্দ

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৬ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি ড্রেজার, ২২টি পাইপ ও প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলার লেলাং ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে কর্ণফুলী চা বাগানের কুতুবছড়ি ডিভিশনের কুতুবছড়ি ছড়ায় এ অভিযান চালানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ। ফটিকছড়ি থানা-পুলিশ ও আনসার সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

অভিযানকালে বালু উত্তোলনে ব্যবহৃত ২৫ হর্সপাওয়ারের একটি ড্রেজার, ২২টি পাইপ এবং প্রায় ২ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। জব্দ করা বালু উন্মুক্ত নিলামে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নোটিশ দেওয়া হয়েছে।

সহকারী কমিশনার (ভূমি) রহমত উল্যাহ বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এমইউ
আরও পড়ুন