সাঙ্গু নদীতে পর্যটকবাহী নৌকাডুবি

বান্দরবানের থানচি উপজেলার সাঙ্গু নদীতে একটি পর্যটকবাহী নৌকা ডুবে গেছে। তবে, এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নৌকায় থাকা পাঁচ পর্যটক ও চালক দুর্ঘটনার আগেই নেমে যান।

সোমবার (৬ জুলাই) দুপুরে নৌকাডুবির বিষয়টি নিশ্চিত করেছেন থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল। এর আগে, সকাল সাড়ে ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঘটনার প্রত্যক্ষদর্শী তিন্দু বাজারপাড়া এলাকার বাসিন্দা অংক্য থুই মারমা বলেন, ‘রেমাক্রী থেকে ফেরার পথে তিন্দুর বড় পাথর এলাকায় পর্যটকবাহী একটি নৌকা নদীর স্রোতে ডুবে গেছে। দুর্ঘটনার আশঙ্কা বুঝতে পেরে চালক বিপজ্জনক স্রোতধারার আগে নিরাপদ স্থানে পাঁচ পর্যটককে ও নিজে নেমে যান। খালি নৌকাটি স্রোত অতিক্রম করার সময় ঢেউয়ের তোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।’

থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ আল ফয়সাল বলেন, ‘টানা দুই দিনের ভারী বর্ষণের কারণে জেলার ছোট ছোট খাল এবং সাঙ্গু নদীর পানি বৃদ্ধি পেয়েছে। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য প্রাণহানি এড়াতে আপাতত তিন্দু, রেমাক্রী ও নাফাখুম ভ্রমণের বিষয়ে মৌখিক সতর্কতা জারি করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত পর্যটকদের এসব এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হচ্ছে।’

এদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাঙ্গু নদীর উজানের তিন্দু, রেমাক্রী ও নাফাখুম এলাকায় ১০০ থেকে ১৫০ জন পর্যটক আটকা পড়েছে পড়েছেন বলে জানিয়েছেন থানচি গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মামুনুর রসীদ। তবে, পর্যটক আটকে পড়ার বিষয়ে প্রশাসনের কাছে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পৌঁছায়নি বলেও জানিয়েছেন ইউএনও।