সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকে পড়া পর্যটকরা

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পিএম

বৈরী আবহাওয়ার কারণে টানা তিনদিন পর সেন্টমার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। জাহাজ চলাচল বন্ধ হওয়ার পর দ্বীপে যেসব পর্যটক আটকে পড়েছিলেন তারা ফিরেছেন। রোববার (২২ নভেম্বর) সকালে কক্সবাজারের বাঁকখালী নদীর বিআইডব্লিউটিএ ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশে পাঁচটি জাহাজ ছেড়ে যায়। এসব জাহাজে এক হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিন ভ্রমণে যান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সাগর উত্তাল ও সমুদ্রবন্দরে সতর্কতা সংকেত জারি থাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ছিল। এতে দেড় হাজারের বেশি পর্যটক সেন্টমার্টিনে আটকে পড়েন। পরে কয়েক দফায় বেশ কিছু যাত্রী ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের শাহপরীর দ্বীপ হয়ে ফিরে আসেন। তবে সেখানে আটকে ছিলেন আরও অন্তত হাজারখানেক পর্যটক। রোববার সকালে জাহাজ চলাচল শুরু হলে বিকেলে আটকে পড়া পর্যটকেরা ফিরে আসেন।

এ বিষয়ে সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম বলেন, তিনদিন ধরে ফেরার আকুতি জানিয়ে আসছিলেন পর্যটকরা। রোববার থেকে জাহাজ চলাচল শুরু হওয়ায় তাদের মধ্যে স্বস্তি ফিরেছে। জাহাজ মালিকদের সংগঠন সি ক্রুজ অপারেটর ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর বলেন, ‌সাগরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সকাল থেকে জাহাজ চলাচল শুরু হয়েছে। সকালে ছেড়ে যাওয়া পাঁচটি জাহাজে এক হাজার ৮৭০ জন পর্যটক সেন্টমার্টিনে গেছেন। জাহাজগুলো আটকে পড়া পর্যটকদের নিয়ে ফিরেছে।

বিআইডব্লিউটিএর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক নয়ন শীল বলেন, আবহাওয়া অধিদপ্তরের নির্দেশনা পাওয়ায় রোববার সকাল থেকে কক্সবাজার-সেন্টমার্টিন সাগরপথে জাহাজ চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।

জেএম
আরও পড়ুন