গাছ কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এক কাঠুরের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার পূর্ব ফরহাদাবাদ এলাকায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল আলম (২৬) নামে এক কাঠুরিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (১৩ জুলাই) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত জামাল আলম নবগঠিত ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর ইউনিয়নের আছিয়া চা বাগান এলাকার বাসিন্দা মানু মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে দৈনিক মজুরির ভিত্তিতে গাছ কাটার কাজ করে পরিবার-পরিজনের ভরণপোষণ চালাতেন।

পরিবারের সদস্যরা জানান, প্রতিদিনের মতো সোমবার সকালেও তিনি কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পূর্ব ফরহাদাবাদ এলাকায় একটি বড় গাছ কাটার সময় টানা বৃষ্টির মধ্যে গাছের একটি ডাল পাশ দিয়ে যাওয়া বিদ্যুতের তারের ওপর পড়ে। এতে মুহূর্তেই পুরো গাছে বিদ্যুৎ প্রবাহিত হলে জামাল আলম গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান।

স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. কামরুল হাসান জানান, হাসপাতালে আনার আগেই জামাল আলমের মৃত্যু হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

স্থানীয়দের দাবি, ঘটনাস্থলের খুব কাছ দিয়েই বিদ্যুতের লাইন অতিক্রম করেছে। গাছ কাটার আগে বিদ্যুৎ সংযোগ সাময়িক বন্ধ করা বা প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হলে এ দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। তারা ভবিষ্যতে এ ধরনের ঝুঁকিপূর্ণ কাজের সময় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বয়ে নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

পারিবারিক সূত্রে জানা গেছে, জামাল আলমই ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি। তাঁর স্ত্রী ও চার সন্তান রয়েছে। আকস্মিক এ মৃত্যুর ঘটনায় পরিবারটি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। স্বজনদের কান্নায় আছিয়া চা বাগান এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।