কিশোরগঞ্জের কটিয়াদীতে মাছ শিকার করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে মাসুদ (৩৬) নামে একজনের মৃত্যু হয়েছে। নিহত মাসুদ গচিহাটা এলাকার চাঁন মিয়ার ছেলে।
সোমবার (১৩ জুলাই) সকালে গচিহাটা রেলস্টেশনের অদূরে রেললাইনে তার ক্ষতবিক্ষত মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। সহশ্রম-ধুলদিয়া ইউনিয়নের গচিহাটা রেলস্টেশন থেকে কিছুটা অদূরে গত রাতের কোনো একসময় এ দুর্ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে।
সহশ্রম-ধুলদিয়া ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আজিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে বলেন, মাসুদ নিয়মিত মাছ শিকার করতেন। একদিন আগে তার একটি জাল চুরি হয়ে যাওয়ায় তিনি নতুন একটি জাল কিনে মাছ ধরতে যান।
স্থানীয়দের ধারণা, রাতভর জাল পাহারা দিতে গিয়ে তিনি অসাবধানবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়েন। এ সময় ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়। তিনি অত্যন্ত দরিদ্র পরিবারের সদস্য ছিলেন। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
কটিয়াদী গচিহাটা রেলওয়ে স্টেশনের স্টেশনমাস্টার আরিফ হক ভূঁইয়া জানান, ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর ঘটনা সত্য। অসাবধানতাবশত রেললাইনের ওপর বা পাশে ঘুমিয়ে পড়ার কারণে ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জামালপুরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিজিবির ত্রাণ বিতরণ
ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালো চুয়াডাঙ্গা-৬ বিজিবি
কুমিল্লায় সড়ক দিয়ে নৌকায় চড়ে পরীক্ষা কেন্দ্রে গেলেন পরীক্ষার্থীরা