তিন দফা দাবিতে চট্টগ্রামে এইচএসসি পরীক্ষার্থীদের সড়ক অবরোধ

তিন দফা দাবিতে চট্টগ্রামে সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর ১২টার দিকে নগরের ষোলশহর এলাকায় জড়ো হয়ে বিভিন্ন কলেজের প্রায় দুই হাজার শিক্ষার্থী এ কর্মসূচিতে অংশ নেন। এতে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, টানা বৃষ্টির মধ্যে পরীক্ষা দিতে গিয়ে অনেক পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়ছেন। বৃষ্টির কারণে ক্যালকুলেটর, প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র নষ্ট হচ্ছে। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও পরীক্ষা নেওয়াকে অমানবিক উল্লেখ করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবি জানান তারা।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো,  বৈরী আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত সারাদেশে চলমান এইচএসসি পরীক্ষা স্থগিত রাখা, গত ১২ ও ১৩ জুলাই প্রতিকূল আবহাওয়ার কারণে যারা পরীক্ষায় অংশ নিতে পারেননি তাদের জন্য পুনঃপরীক্ষার ব্যবস্থা করা এবং বৃষ্টিতে নষ্ট বা হারিয়ে যাওয়া প্রবেশপত্র ও প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত শিক্ষা বোর্ড থেকে পুনরায় সরবরাহ করা।

এ ছাড়া সারাদেশে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা গ্রহণ, কোনো নির্দিষ্ট এলাকার জন্য বৈষম্যমূলক সিদ্ধান্ত না নেওয়া, প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনা এবং সিলেবাসের মধ্যে থেকে সহজবোধ্য প্রশ্ন প্রণয়নের দাবিও জানান আন্দোলনকারীরা। একই সঙ্গে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ এবং প্রশ্নপত্রে ভুলের জন্য দায়ীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কার্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বোর্ড চত্বরে অতিরিক্ত মোতায়েন থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরে চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব অধ্যাপক মোহাম্মদ জহিরুল হক স্বপন আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তাদের দাবিগুলো যৌক্তিক এবং বোর্ডের প্রক্রিয়া অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তা পাঠানো হবে।

তাঁর আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করেন। তবে তারা ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে জানান, এ সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের বিষয়ে কার্যকর উদ্যোগ না নেওয়া হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান।