পাহাড়ে ডেঙ্গু শনাক্তে ২ হাজার ১০০ কিট দিলো জেলা পরিষদ

আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ০২:১০ পিএম

ডেঙ্গু শনাক্তকরণ ও আক্রান্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে রাঙামাটির ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের জন্য ২ হাজার ১০০টি পরীক্ষার কিট দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। একই সঙ্গে দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দীপু।

রোববার (২২ নভেম্বর) সকালে রাঙামাটি সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় সিভিল সার্জন ডা. নুয়েন খীশার হাতে কিটগুলো হস্তান্তর করেন তিনি।

দীপন তালুকদার দীপু বলেন, পাহাড়ের অনেক দুর্গম এলাকার মানুষ এখনো প্রয়োজনীয় চিকিৎসাসেবা থেকে বঞ্চিত। বাংলাদেশ সেনাবাহিনী নিজস্ব মেডিকেল টিমের মাধ্যমে এসব এলাকায় নিয়মিত বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ সরবরাহ করছে। পাশাপাশি স্থল, নৌ ও আকাশপথে অসুস্থ রোগীদের হাসপাতালে পৌঁছে দিতেও সহযোগিতা করছে।

তিনি বলেন, সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্য বিভাগের চিকিৎসক ও মেডিকেল কর্মীরা কাজ করলে দুর্গম এলাকার মানুষের চিকিৎসাসংকট অনেকাংশে কমানো সম্ভব। রাঙামাটিতে উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে জেলা পরিষদ কাজ করবে, যাতে সামান্য জটিলতা দেখা দিলেই রোগীদের ঢাকা বা চট্টগ্রামে পাঠাতে না হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান আরও বলেন, উপজেলা পর্যায়ে কর্মরত চিকিৎসকদের জন্য উন্নতমানের ডরমিটরি নির্মাণের পরিকল্পনা রয়েছে। চিকিৎসকদের আবাসনের ভালো পরিবেশ নিশ্চিত করা গেলে তাঁরা আরও আন্তরিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন। এতে সাধারণ মানুষও উন্নত স্বাস্থ্যসেবা পাবেন।

জেলা পরিষদের দেওয়া ২ হাজার ১০০টি ডেঙ্গু পরীক্ষার কিট জেলার ১০টি উপজেলার স্বাস্থ্যসেবা কার্যক্রমে ব্যবহার করা হবে। সংশ্লিষ্টদের আশা, এর ফলে ডেঙ্গুতে আক্রান্ত সন্দেহভাজন রোগীদের দ্রুত পরীক্ষা ও রোগ শনাক্তকরণে উপজেলা পর্যায়ের সক্ষমতা বাড়বে।

জেলা সিভিল সার্জন ডা. নুয়েন খীশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন।

সভায় সিভিল সার্জন ডা. নুয়েন খীশা বলেন, বিগত বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ চিকিৎসকদের মধ্য থেকে রাঙামাটি জেলায় কাউকে পদায়ন করা হয়নি। দুর্গম পাহাড়ি এলাকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক সংকট নিরসন জরুরি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় জেলার ১০ উপজেলার স্বাস্থ্যসেবার বর্তমান পরিস্থিতি, ডেঙ্গু প্রতিরোধ ও শনাক্তকরণ কার্যক্রম, চিকিৎসক সংকট এবং দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। এতে জেলার ১০ উপজেলার স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এমইউ
আরও পড়ুন
সর্বশেষপঠিত