জুলাই গণঅভ্যুত্থানে সারা দেশে নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় ফটিকছড়িতে দোয়া মাহফিল ও অসহায় মানুষের মাঝে তবরুক বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
শনিবার (১ আগস্ট) দুপুর ১২টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট ঝংকার মোড় এলাকায় উপজেলা শাখা এনসিপির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে তবরুক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফটিকছড়ি উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মুহাম্মদ হাসান উল্লাহ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম উত্তর জেলা শাখার যুগ্ম সমন্বয়ক মুহাম্মদ একরামুল হক।
এ সময় দলটির উপজেলা ও বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।